ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইংকে ডিভিশনে রূপান্তরের জন্য খসড়া চূড়ান্ত করার প্রক্রিয়ায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত না করায় সোমবার সকালে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
সেইসঙ্গে অ্যাসোসিয়েশন আইন সচিবের পদত্যাগও দাবি করেছে।
তবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিষয়টি অস্বীকার করে বলেছেন, "আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে বিভক্ত করে 'লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারী অ্যাফেয়ার্স' এবং 'ল অ্যান্ড জাস্টিস অ্যাফেয়ার্স' করার যে প্রস্তাব আছে তাতে এক বিভাগের কাজ যেন আরেক বিভাগের সঙ্গে একত্রিত না হয় তারা সেটাই বলতে এসেছিলেন।"
তিনি আরও বলেন, "আমি তাদের আশ্বস্থ করেছি। রুলস অব বিজনেস চূড়ান্ত করার সময় তাদের দাবি বিবেচনা করা হবে।"
এদিকে অ্যাসেসিয়েশনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আর্মড পুলিশ তাদের সঙ্গে 'অসৌজন্যমূলক' আচরণ করে।
এ প্রসঙ্গে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. মো. শাহজাহান বলেন, "আমাদের দাবি জানানোর জন্য দেড় শতাধিক সদস্য নিয়ে বৈধভাবে সবিচালয়ে যাই। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপ-সচিবের নেতৃত্বে ২৫-৩০ জনের আর্মড পুলিশের একটি দল আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি আমিনুল ইসলাম নামের এক সিনিয়র জজের দেহ পর্যন্ত তল্লাশি করেন।"
এই ঘটনার জন্য তিনি আইন সচিব কাজী হাবিবুল আউয়ালকে দায়ী করে তার পদত্যাগ দাবী করেন।
এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯৪৪ ঘ.
bdnews24