২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত স্বামীর ব্যাংকের টাকা তোলার অনুমতি পেলেন শেখ হাসিনা

সদ্য প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার ব্যাংকে রেখে যাওয়া টাকা উত্তরাধিকারী হিসাবে উত্তোলনের জন্য শেখ হাসিনাকে অনুমতি দিয়েছে আদালত। ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ এস এম সাইফুল ইসলাম রোববার এ অনুমতি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার ব্যাংকে রেখে যাওয়া টাকা উত্তরাধিকারী হিসাবে উত্তোলনের জন্য শেখ হাসিনাকে অনুমতি দিয়েছে আদালত। ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ এস এম সাইফুল ইসলাম রোববার এ অনুমতি দেন। গত ১৩ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবী ফজিলাতুন্নেছা বাপ্পীর মাধ্যমে জনতা ব্যাংক, হোটেল শেরাটন শাখায় ওয়াজেদ মিয়ার হিসাব থেকে ৩০ লাখ ৫৩ হাজার ৭০৮ টাকা তোলার জন্য উত্তরাধিকার মামলা দায়ের করেন। দরখাস্তকারী শেখ হাসিনা ড. ওয়াজেদ মিয়ার অন্য উত্তরাধিকারী তাদের ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষেও এ মামলা করেন। নিয়ম অনুযায়ী কোনো আর্থিক প্রতিষ্ঠানে মৃতের রেখে যাওয়া গচ্ছিত টাকা পাওয়ার জন্য ওয়ারিশদের আদালতে আবেদন করে উত্তরাধিকার সনদপত্র (সাকশেসন সার্টিফিকেট) নিতে হয়। শেখ হাসিনা এ মামলায় আদালতে সশরীরে হাজির হয়ে আবেদন/মামলার সমর্থনে জবানবন্দী দেননি। আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনার শাহনেওয়াজ শেখ হাসিনার বাসায় গিয়ে তার জবানবন্দী নিয়ে আদালতে আইন অনুযায়ী জবানবন্দী দাখিল করেছেন। ব্যাংক হিসাবের ওই টাকা পাওয়ার জন্য শতকরা দুই টাকা হারে আদালতে কোর্ট ফি জমা দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১১৫ঘ.