শেরপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল এলাকায় ব্র্যাক কার্যালয়ে ডাকাতির মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমান্ডার সালাউদ্দীন ওরফে সালেহীনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এস এম বদরুল ইসলাম রোববার দুপুর ১২টায় এ রায় দেন।
দণ্ডিত অপর চারজন হলেন- জেএমবির শেরপুর জেলা কমান্ডার মুজাহিদুল ইসলাম সুমন, সহযোগী হাসমত আলী, কালু ওরফে জবেদ আলী এবং কাশেম ওরফে চোরা কাশেম। এদের মধ্যে কাশেম পলাতক রয়েছে।
মামলায় অপর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।
অপর দুই আসামি জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান এবং জঙ্গি সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ফাঁসি হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০০৩ সালের ৯ ফেব্র"য়ারি রাতে জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের নেতৃত্বে ঝিনাইগাতি উপজেলার ধানশাইলে অবস্থিত ব্র্যাক কার্যালয়ের তালা ভেঙে আসামিরা ভেতরে ঢুকে। তারা কার্যালয়ের জিনিসপত্র লুটপাট ও কম্পিউটারে রক্ষিত তথ্য নষ্ট করে। এছাড়াও দুই নৈশ প্রহরীকে মারধর করে।
এ ঘটনার পরদিন ব্র্র্য্যাক'র এরিয়া ম্যানেজার কামাল পাশা ১৩ জনকে আসামি করে মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24