চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের চকরিয়া উপজেলার মাইজবুনা গ্রাম থেকে শনিবার রাতে পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
অস্ত্রগুলোর মধ্যে আছে- তিনটি দেশি এলজি (লাইটগান) ও একটি দেশি একনলা বন্দুক।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা চকরিয়ার মাইজবুনা গ্রামে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা শনিবার রাত তিনটার দিকে এ অভিযান চালায়। অভিযানকারী দলটি মাইজবুনা গ্রামের রফিকুল ইসলামের বাড়ির কাছে পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি জানান, ওই বাড়ির অদূরে মহেশখালী-চকরিয়া পাকা সড়ক সংলগ্ন বাঁশবাগান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় চকরিয়া থানায় মামলা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24