মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবারের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার এবং জিপিএ- ৫ প্রাপ্তদের সংখ্যা দুই-ই খানিকটা কমেছে। ইংরেজি ও পদার্থ বিজ্ঞানের কঠিন প্রশ্নপত্রই এর মূল কারণ বলে মনে করেন দুই বোর্ড চেয়ারম্যান।
অবশ্য উত্তীর্ণের হার কমলেও ফল খারাপ হয়েছে, এরকম মানতে নারাজ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আতিকুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইংরেজির পাশাপাশি কুমিল্লা বোর্ডে এবার ফল খারাপের বড় কারণ পদার্থ বিজ্ঞানের 'কঠিন' প্রশ্নপত্র।
দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. সানাউল্লাহ মনে করেন, ইংরেজির কারণেই এবার তার বোর্ডে ফল খারাপ হয়েছে।
শনিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এতে দেখা যায় এইচএসসিতে উত্তীর্ণের হার ৪ শতাংশেরও বেশি কমেছে। গতবার আট বোর্ডে পাসের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ যা এবার কমে হয়েছে ৭০ দশমিক ৪৩ শতাংশ ।
অন্যদিকে গত বছর এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ১০৮। এবার তা ৮৮৬ জন কমে ১৮ হাজার ২২২- এ দাঁড়িয়েছে ।
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আতিকুর রহমান জানান, তার বোর্ডে এবার বিজ্ঞানে দুই হাজার চারশ ৯৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি; এরমধ্যে পদার্থ বিজ্ঞানেই ফেল করেছে এক হাজার নয়শ ৮৭ জন।
তিনি বলেন, "পদার্থ ছাড়াও বরাবরের মতো ইংরেজির দুর্বলতা অনুত্তীর্ণের আরেকটি বড় কারণ।"
আতিকুর রহমান বলেন, এবার তার বোর্ডে চার হাজার ৫১১ জন শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। এছাড়া ইংরেজিসহ আরও একটি কিংবা দুটি বিষয়ে ফেল করেছে আট হাজার ৭৩৯ জন।
দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. সানাউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দিনাজপুর বোর্ডে এবার মোট শিক্ষার্থীর মধ্যে ২৫ হাজারের মতো শিক্ষার্থী ফেল করেছে ; এরমধ্যে ২১ হাজারের মতো ফেল করেছে কেবল ইংরেজিতে।"
তিনি আরও জানান, তার বোর্ডে এবার ইংরেজির দুই পত্রের প্রশ্নই কঠিন হয়েছিল যে কারণে শিক্ষার্থীরা ফেল করেছে।
অধ্যাপক মো. সানাউল্লাহ'র মতে, "ইংরেজি দ্বিতীয়পত্রে গ্রামারে কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যে কারণে ফল খারাপ হয়েছে।"
তবে ফল খারাপ হয়েছে, এমনটি মানতে নারাজ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এবার যারা এইচএসসি পাস করেছে, তারা ২০০৭ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সেই এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬। এবার সে সব শিক্ষার্থীদের মধ্যে ৭২ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সুতরাং ৫৮ থেকে ৭২ শতাংশ- সে দিক থেকে ফল ভালোই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২২৩৬ঘ.
bdnews24