২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বিদায় না হলে দিন বদল হবে না: আশরাফ

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিন বদলের জন্য দুর্নীতি নির্মূলের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পূর্ণাঙ্গ নতুন কমিটি কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিন বদলের জন্য দুর্নীতি নির্মূলের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পূর্ণাঙ্গ নতুন কমিটি কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ আশরাফ। কাউন্সিল শেখ হাসিনাকে সভানেত্রী পদে পুনর্র্নিবাচিত করে। দলীয় নেতা-কর্মীরা শনিবার নতুন সাধারণ সম্পাদককে জানাতে তার বাড়িতে ভিড় জমায়। ওই সময় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন আশরাফ। আশরাফের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন টেলিভিশনের খবরে বলা হয়, "জননেত্রী শেখ হাসিনা আমাদের দিন বদলের দায়িত্ব দিয়েছেন। এই কর্মসূচিতে আমাদের সৈনিকের ভূমিকা পালন করতে হবে। দুর্নীতিকে চির বিদায় করতে হবে। তা না হলে দিন বদল সম্ভব নয়।" দলের সভানেত্রী শেখ হাসিনা কার্য নির্বাহী কমিটির খসড়া তৈরি করছেন জানিয়ে আশরাফ বলেন, দু'একদিনের মধ্যেই আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। তৃণমূল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশরাফ বলেন, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে অনেক সন্দেহ, ভয়, আত্মবিশ্বাসের অভাব থাকলেও তৃণমূল নেতাদের সাহসেই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। তিনি আরও বলেন, অতীতের মত সংসদ বর্জনের রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জরুরি অবস্থার পর জিল্লুর রহমানের সঙ্গে থেকে বিরূপ পরিস্থিতিতে তিনি দলের হাল ধরে ছিলেন বলে কর্মীরাদের মত। ওই সময় থেকে দলীয় মুখপাত্রের দায়িত্বও পালন করে আসছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৭২৫ ঘ.