২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তীর্ণের হারে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম বোর্ড

উত্তীর্ণের হারের দিক থেকে যশোর বোর্ডের পরেই রয়েছে চট্টগ্রাম বোর্ড। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম রয়েছে দ্বিতীয় স্থানে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর এবারই শিক্ষা বোর্ডটিতে উত্তীর্ণের হার বেশি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তীর্ণের হারের দিক থেকে যশোর বোর্ডের পরেই রয়েছে চট্টগ্রাম বোর্ড। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম রয়েছে দ্বিতীয় স্থানে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর এবারই শিক্ষা বোর্ডটিতে উত্তীর্ণের হার বেশি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে উত্তীর্ণের হার বেড়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ। উর্ত্তীণের হার ৭৬ দশমিক ৩১ শতাংশ। মোট ৪১ হাজার ৪৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৬৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৪৮ জন। গত বছর পেয়েছিল এক হাজার ২৭০ জন। শনিবার দুপুর ১২টার দিকে বোর্ড কার্যালয়ে ফল ঘোষণা করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবু তাহের সাংবাদিকদের বলেন, "অতীতের যেকোন সময়ের চেয়ে এবার সবচেয়ে বেশি ভাল ফল হয়েছে। কলেজগুলোতে নির্বাচনী পরীক্ষায় কড়া নজরদারি রাখার নির্দেশ কার্যকর হওয়ায় এবার শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই ভাল করার প্রয়াস ছিল।" তিনি জানান, নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের সুযোগ দেওয়া হবে না এমন সিদ্ধান্ত কলেজগুলোতে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এর ইতিবাচক ফল পাওয়া গেছে এবার। সব ক্ষেত্রেই এবার অতীতের রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বোর্ড। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের (৬ দশমিক ৫৫) চেয়ে ছাত্রীদের (১০ দশমিক ৩৩) উত্তীর্ণের হার বেড়েছে বেশি। আর তিন বিভাগের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণের হার (৮৩ দশমিক ৬১) সবচেয়ে বেশি। গতবারের চেয়ে বেড়েছে ১১ দশমিক ৩১ শতাংশ। অপরদিকে মানবিক বিভাগে গতবারের চেয়ে এবার ১৩ দশমিক ৭৯ শতাংশ বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে উত্তীর্ণের হার ৭১ দশমিক ৩৬ শতাংশ। তবে বিজ্ঞান বিভাগে গতবারের চেয়ে উত্তীর্ণের হার কমেছে ৬ দশমিক ৯৪। এ বিভাগে উত্তীর্ণেল হার ৬৫ দশমিক ৬৩। জিপিএ-৫ পাওয়ায় সেরা দশ কলেজ চট্টগ্রাম কলেজ বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। এ কলেজের ৭৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৩ জন। নগরীর অপর সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুখোমুখি অবস্থিত চট্টগ্রাম কলেজকে। এবার এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। আর এর পরেই রয়েছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ। এ কলেজের ২১৫ জন জিপিএ-৫ পেয়েছে। তার পরেই আছে চট্টগ্রাম সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম পাবালিক স্কুল অ্যান্ড কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও নৌবাহিনী কলেজ। উত্তীর্ণের হারে সেরা দশ উত্তীর্ণের হারে সেরা দশের তালিকার শীর্ষে আছে- ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কলেজটির ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ পেয়েছে ৩০ জন। তালিকার অন্য কলেজগুলো হল যথাক্রমে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও আগ্রাবাদ মহিলা কলেজ। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মধ্যে উত্তীর্ণের হার বেশি বান্দরবানে। এ জেলা উত্তীর্ণের হার ৭৯ দশমিক ৩ শতাংশ। গতবছর এ হার ছিল ৬৩ দশমিক ৬৪ শতাংশ। রাঙামাটি জেলায় উত্তীর্ণের হার ৬৫ দশমিক ৫২ এবং খাগড়াছড়িতে ৫৪ দশমিক ৬১ শতাংশ। গত বছর তুলনায় খাগড়াছড়িতে উত্তীর্ণের হার কমেছে ৩ দশমিক ৩৩ শতাংশ। চট্টগ্রাম জেলার বাইরে এ বছর সবচেয়ে ভাল ফল করেছে কক্সবাজার জেলা। এ জেলার উত্তীর্ণের হার ৮১ দশমিক ১৪ শতাংশ, যা গত বছর থেকে ১৯ দশমিক ২১ শতাংশ বেশি। গত বছর কক্সবাজারে উত্তীর্ণের হার ছিল ৬১ দশমিক ৯৩ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএসবি/১৬৫৫ ঘ. .