গাজীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে হাত পা বেঁধে মাইক্রোবাসসহ যে ব্যক্তিকে পুড়িয়ে মারা হয় তার পরিচয় পাওয়া গেছে।
তিনি ওই মাইক্রোবাসের চালক ফারুক হোসেন (২২) বলে জানিয়েছেন মাইক্রাবাসের মালিক তাইজউদ্দিন।
ফারুক গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও গ্রামের সোলেমানের ছেলে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, নিহত ব্যক্তি যে ফারুক এ ব্যাপারে এবং হত্যাকাণ্ডের মোটিভ সর্ম্পকে নিশ্চিত হওয়া গেছে। শনিবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের অবহিত করা হবে।
মাইক্রোবাসের মালিক তাইজউদ্দিনের বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তি তাইজউদ্দিনকে ফোনে মাইক্রোবাসটি উপজেলার পাবুরিয়ার চালায় পাঠাতে বলে। তখন তিনি স্থানীয় রাজাবাড়ি রেন্ট-এ-কারে থাকা চালক ফারুককে গাড়ি নিয়ে পাবুরিয়ার চালায় যেতে বলে। এরপর রাত ৮টায় পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি সনাক্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১২৫ ঘ.
bdnews24