২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা: ফের ৪ দিনের রিমান্ডে লিয়াকত

১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে চার দিনের পুলিশী হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে চার দিনের পুলিশী হেফাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণির আদালতে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) লিয়াকতকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। এ নিয়ে লিয়াকতকে তৃতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হলো। মামলার তদন্ত কর্মকর্তারা জানান, লিয়াকতকে শুক্রবার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। কার নির্দেশে তিনি পরিচয় গোপন রেখে সংরক্ষিত সিইএফএল জেটি ঘাটে অস্ত্র খালাস কার্যক্রম তদারকি করেছিলেন তা জিজ্ঞাসাবাদে জানতে চাওয়া হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি অশোক কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," পরিচয় গোপন রেখে লিয়াকত অস্ত্র খালাস তদারকি করেছেন বলে আগেই টিআই প্যারেডের মাধ্যমে প্রমাণ হয়েছে। কার নির্দেশে তিনি এ কাজ করেছিলেন তা জানা গুরুত্বপূর্ণ।" শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা লিয়াকত অসুস্থ এবং তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে দাবি করে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। গত ২৬ মে সিআইডি লিয়াকতকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। এর আগে দু'দফা রিমান্ডে লিয়াকত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। সর্বশেষ চট্টগ্রাম কারাগারে টিআই প্যারেডের মাধ্যমে এ মামলার দুই সাক্ষী বরখাস্ত পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালউদ্দীন লিয়াকতকে ঘটনার সময় সিইউএফএল ঘাটে উপস্থিত বলে শনাক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এএল/এসকে/২৩১৫ঘ.