গাজীপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের রাজেন্দ্রপুরে বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত এক ব্যক্তিকে মাইক্রেবাসে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জিহাদুল কবির জানান, খুব সম্ভবত লোকটিকে অন্যত্র হত্যা করা হয়েছে। তার হাত দুটি শরীরের পেছনে বাধাঁ ছিল।
তিনি বলেন, পরিচয় এবং প্রমাণ গোপনের উদ্দেশ্যেই তারা মাইক্রোবাসসহ লাশ আগুনে পুড়িয়ে দিয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, বিকেল ছয়টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে দুশ' গজ উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ঢাকা ফিশারিজ রোডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাইক্রোবাসের মাঝের সারিতে সিট বেল্ট দিয়ে বাঁধা ছিল।
তিনি জানান, ঘাতকরা ঢাকার দিক থেকে দুইটি মাইক্রোবাসে করে ঘটনাস্থলে আসে। তিন মিনিট স্থায়ী 'অপারেশন' শেষে একটি মাইক্রোবাসে চড়ে দ্রুত ঢাকার দিকে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৬ ঘ.
bdnews24