২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় গুপ্তচর সন্দেহে বেনাপোলে এক ব্যক্তি গ্রেপ্তার

ভারতীয় গুপ্তচর সন্দেহে বেনাপোল চেকপোস্টে বৃহস্পতিবার দুপুরে সৌরভ ঘোষ নামে বাংলাদেশি পাসপোর্টধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

বেনাপোল, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় গুপ্তচর সন্দেহে বেনাপোল চেকপোস্টে বৃহস্পতিবার দুপুরে সৌরভ ঘোষ নামে বাংলাদেশি পাসপোর্টধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিডিআর। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ল্যাপটপ, একটি কম্পিউটার, পাঁচশ' সিডি ও ডিভিডি, হার্ডডিস্কসহ বিভিন্ন কাগজপত্র। বেনাপোল চেকপোস্ট বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার হারুন অর রশীদ জানান, সৌরভের কাছে পাওয়া বাংলাদেশি পাসপোর্ট নম্বর- জেড -০৬৬৬৬০২। জিজ্ঞাসাবাদে সৌরভ বলেছেন- ৮/৯ বছর আগে ভারতীয় পাসপোর্টে তিনি বাংলাদেশে আসেন এবং ঢাকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালিয়া গ্রামে বসবাস শুরু করেন। সৌরভের কাছে পাওয়া ডায়েরি থেকে জানা যায়- তিনি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার স্বামীজী পল্লীর ১২৯/এ পিসি রায় রোড এলাকার নৃপেন্দ্র ঘোষের ছেলে। বিডিআর কর্মকর্তা হারুন জানান, বৃহস্পতিবার দুপুরে সৌরভ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। পুলিশ ও কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ করে সীমান্ত পার হওয়ার সময় তার কাছে থাকা মালপত্র দেখে বিডিআর জওয়ানদের সন্দেহ হয়। তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ আরও বেড়ে যায়। এক পর্যায়ে বিডিআর জওয়ানারা চ্যালেঞ্জ করে তার ব্যাগ তল্লাশি করেন। তিনি জানান, তল্লাশি করে সৌরভের কাছ থেকে দুটি ল্যাপটপ, কম্পিউটারের খোলা হার্ডডিস্ক, ৫শ' ইনটেক সিডি, কম্পিউটার সরঞ্জাম, বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা এবং বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি বিডিআর কর্মকর্তা হারুনের বরাত দিয়ে জানান, সৌরভকে পাচারকারী ও গুপ্তচর সন্দেহে আটক দেখিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল জানান, সৌরভের কাছ থেকে যেসব মাল উদ্ধার করা হয়েছে সেগুলো ভারতে নেওয়া অবৈধ এবং পাচারের শামিল। ধারণা করা হচ্ছে- তিনি গুপ্তচর বা কোনো জঙ্গি সংগঠনের সদস্য। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে যশোর ২২ রাইফেলস ব্যাটেলিয়নের কর্মকর্তা মেজর মাহবুবুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা সুরক্ষায় বিডিআর জওয়ানরা সতর্ক রয়েছেন। সেকারণেই সৌরভকে ধরা সম্ভব হয়েছে। তিনি মনে করেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.