২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে রেল দুর্ঘটনা তদন্তে দু'টি কমিটি

ঢাকা-চট্টগ্রাম রুটের ফেনীর ফতেহপুর লেভেল ক্রসিংয়ে বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী ট্রেন ও ইস্পাতের রোলবাহী ট্রেইলারের সংঘর্ষের ঘটনা তদন্তে দু'টি পৃথক কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্টগ্রাম রুটের ফেনীর ফতেহপুর লেভেল ক্রসিংয়ে বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী ট্রেন ও ইস্পাতের রোলবাহী ট্রেইলারের সংঘর্ষের ঘটনা তদন্তে দু'টি পৃথক কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রামগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেন তূর্ণা নিশীথার সঙ্গে ট্রেইলারটির সংঘর্ষে ট্রেনে ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। আহত হন ট্রেনচালকসহ ১২ জন। রেলওয়ের উপ পরিচালক (জনসংযোগ) শফিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ে পূর্ব জোনের প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদকে প্রধান করে চার সদস্যের এবং রেলওয়ের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা এ এম শাহনেওয়াজকে প্রধান করে তিন সদস্যের পৃথক আরেকটি কমিটি করা হয়েছে।" প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদের কমিটির অপর তিন সদস্য হলেন- পূর্ব জোনের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শাহ জহিরুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জামান, প্রধান সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শহিদুল ইসলাম। অপর কমিটিতে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সদস্য করা হয়েছে। তিনি জানান, উভয় কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শফিউদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী আসাদউল্লাহ এবং ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ইকবাল মোল্লাসহ উর্ধতন কর্মকর্তারা দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, এ দুর্ঘটনার কারণে সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ও কর্নফুলী মেইল এবং চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। অন্য ট্রেনগুলো কিছুটা বিলম্বে চলাচল করে। আর সন্ধ্যা ও রাতের অন্য ট্রেনগুলি যথারীতি চলাচল করবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০১৬ ঘ.