জামালপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে জামালপুরে নয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন স্থানীয় সাংবাদিক আজিজুর রহমান ডল।
হাকিম ফজলে খোদা মোহাম্মদ নাজির মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন- অধ্যাপক শরীফ আহম্মদ, আশরাফ হোসেন, হারুন, আব্দুল মান্নান, আবুল হাশেম, আব্দুল বারী, হারুনুর রশীদ মুক্তা, মতিউর রহমান মজনু ও শাহ আলম।
বন্ধ হয়ে যাওয়া দৈনিক আজকের কাগজ পত্রিকার জামালপুর প্রতিনিধি আজিজুর রহমান অভিযোগ করেন, জামালপুরের 'রাজাকার' ও ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শরীফ আহম্মদের নেতৃত্বে তার সহযোগীরা ১৯৭১ সালের ১০ জুলাই রাতে তার মামা আওয়ামী লীগ নেতা নূরুল আমীন মল্লিককে শহরের সিএন্ডবি রোডের বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে। পরদিন সকালে শহরের চাপাতলার ঘাট থেকে নূরুল আমীনের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24