২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: অধিকতর তদন্তের সময় ৪র্থ বার বাড়লো

১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় আরও ৭৫ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থ বার এ চাঞ্চল্যকর মামলার অধিকতর তদন্তের মেয়াদ বাড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় আরও ৭৫ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থ বার এ চাঞ্চল্যকর মামলার অধিকতর তদন্তের মেয়াদ বাড়ল। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এ সময় বাড়ান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী গত ১৩ জুলাই ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করেন। বিচারক আগামী ৫ অক্টোবর পর্যন্ত তদন্তের সময় বাড়িয়েছেন। এ নিয়ে চতুর্থ বার অধিকতর তদন্তের মেয়াদ বাড়ল জানিয়ে পিপি বলেন, অস্ত্র পরিবহনকারী জাহাজটি সনাক্ত করতে না পারা এবং অস্ত্র খালাসের সময় উপস্থিত অজ্ঞাত ব্যক্তিদের সম্পর্কে সুষ্পষ্ট তথ্য না থাকার কথা বলে তদন্ত কর্মকর্তা সময় বাড়ানোর আবেদন করেন। অন্যদিকে বুধবার একই আদালতে জামিনে থাকা সাত আসামির জামিন বাতিলের ওপর শুনানি হয়েছে। জামিনে থাকা সাত আসামি তাদের জামিন কেন বাতিল হবে না মর্মে নোটিশের জবাব দেওয়ায় বিচারক আগামী ৫ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। গত ১৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ওই সাতজনের জামিন বাতিলের আবেদন করেন। একই আদালত এ মামলায় গ্রেপ্তার আসামি দীন মোহাম্মদের জামিন না মঞ্জুর করেছে। পেছনের কথা ২০০৭ সালের ১৯ নভেম্বর তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনা এ মামলার অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের আদেশ দিলে সিআইডির সহকারী সুপারিনটেনডেন্ট ইসমাঈল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দুদফা সময় নিয়েও তিনি তদন্তে অগ্রগতি করতে পারেননি। পরে গত বছরের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষ তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করলে মনিরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি অস্ত্র খালাস ও জেটি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সিইউএফএল কর্মকর্তা, কোস্টগার্ড, ট্রাক মালিক, পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এর মধ্যে নতুন চারজন গ্রেপ্তার হয়েছে এবং সাত জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২২৪৫ঘ.