ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে ব্যাংকের 'অটোমেটিক ক্লিয়ারিং হাউজ'। তবে অক্টোবর থেকেই পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে।
মঙ্গলবার বিকেলে 'অটোমেটিক ক্লিয়ারিং হাউজ' নিয়ে সরকারি, বেসরকারি ও বিদেশী ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
গভর্নর বলেন, "অটোমেটিক ক্লিয়ারিং হাউজ চালুর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক সব দিক দিয়েই প্রস্তুত। ব্যাংকগুলো তাদের প্রস্তুতি কতোদূর সম্পন্ন করেছে তা জানার জন্যই বৈঠক আহ্বান করা হয়েছিল। বৈঠকে ব্যাংকের প্রধানরা জানিয়েছেন অক্টোবরের মধ্যে তারা তাদের সব কাজ সম্পন্ন করতে পারবেন। সে হিসাবে আমরা নভেম্বরে এটি আনুষ্ঠানিকভাবে চালু করতে পারবো।"
আতিউর রহমান বলেন, "অটোমেটিক ক্লিয়ারিং হাউজ চালু হলে সেকেন্ডের মধ্যে চেক ক্লিয়ারিং হয়ে যাবে। বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে একটি চেক ক্লিয়ার হতে ৩/৪ দিন সময় লাগে; অটোমেটেড হওয়ার পর তখন তা সেকেন্ডের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে।"
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক এ ক্লিয়ারিং হাউজ চালুর ব্যাপারে বেশ কিছুদিন ধরে কাজ করছে। বর্তমানে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত সব কাজ শেষ হয়ে গেছে। আজ (মঙ্গলবার) ব্যাংকের নির্বাহীদের কেন্দ্রীয় ব্যাংকের অটোমেটেড ক্লিয়ারিং হাউজ দেখানো হয়েছে।"
গভর্নর জানান, বৈঠকে অধিকাংশ ব্যাংকের নির্বাহীরা জানিয়েছেন তারা তাদের এ সংক্রান্ত কাজ ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছেন। যে সব ব্যাংকের কাজ বাকি আছে তারা অক্টোবরের মধ্যেই সম্পন্ন করবে বলে জানিয়েছেন।
তিনি বলেন, "এটি ব্যাংকিং খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ কারণেই প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।"
"এতে একদিকে যেমন সময় কম লাগবে; অন্যদিকে অহেতুক ঝামেলা কমবে এবং ব্যাংকগুলোর জনবলও কম লাগবে", জানান গভর্নর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩৪৫ঘ.
bdnews24