২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিক যেভাবে ঘাতক

মোবাইল প্রেমের জের ধরেই সম্ভবত প্রাণ দিতে হলো ডা. সালমাকে। মঙ্গলবার সকালে মুগদাপাড়ার রওশন আরা হাসপাতাল ক্লিনিকে কর্তব্য পালনের সময় 'প্রত্যাখ্যাত প্রেমিকের' ছুরিতে নিহত হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল প্রেমের জের ধরেই সম্ভবত প্রাণ দিতে হলো ডা. সালমাকে। মঙ্গলবার সকালে মুগদাপাড়ার রওশন আরা হাসপাতাল ক্লিনিকে কর্তব্য পালনের সময় 'প্রত্যাখ্যাত প্রেমিকের' ছুরিতে নিহত হন তিনি। ঘাতক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের ভাষ্যমতে, মোবাইল ফোনে আলাপের মাধ্যমে সালমার সঙ্গে প্রেম হয়েছিল তার। উজ্জল সাংবাদিক ও পুলিশের কাছে বলেছে প্রেম প্রত্যাখানের কারণেই সালমাকে হত্যা করেছে সে। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় উজ্জলকে। আত্মস্বীকৃত ঘাতক উজ্জ্বল সবুজবাগ থানায় সাংবাদিকদের বলেছে, তিনবছর আগে সালমার সঙ্গে তার মোবাইল ফোনে ঘটনাক্রমে আলাপের মাধ্যমে পরিচয় হয়। পরে এ পরিচয় প্রেমে গড়ায়। দুই/তিন মাস পর পর উজ্জ্বল সালমার সঙ্গে দেখা করতে সিলেট বা ঢাকায় আসত। সালমা তখন সিলেট ওসমানি মেডিকেল কলেজে পড়তেন। তারা একে অপরকে বিভিন্ন সময় উপহার কিনে দিয়েছে বলে দাবি করে উজ্জল। ২০০৭ সালে এমবিবিএস পরীক্ষার পর থেকে সালমা ঢাকায় শিশু হাসপাতালে চিকিৎসক হিসাবে কাজ শুরু করেন। কাস্টমস বিভাগের এক কর্মকর্তার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে তিনি সবার ছোট। তার বড় বোনও চিকিৎসক। পাবনা এডওয়ার্ড সরকারি কলেজের গণিত চূড়ান্ত বর্ষের ছাত্র উজ্জ্বল জানায়, কয়েক মাস আগে সালমা তাকে জানিয়ে দেন, এই সম্পর্ক আর রাখা সম্ভব নয়। কারণ পারিবারিকভাবে তার বিয়ের কথা হচ্ছে। নাটোরের লালপুর থানার গোবিন্দপুর গ্রামের এক মুদি দোকানদারের ছেলে উজ্জ্বল সাংবাদিকদের বলেন, "আমি সালমাকে সম্পর্ক রাখার জন্যে অনেক অনুরোধ করে আসছিলাম। প্রেমের প্রতীক হিসাবে গত এপ্রিল মাসে নিজের বাঁ হাতের তর্জনীর অর্ধেকটা কেটে কুরিয়ারের মাধ্যমে সালমাকে পাঠাই। কিন্তু সে তাও রাজি হয়নি।" উজ্জল বলেছে এই বিষয়ে আলোচনার জন্যেই ছয়দিন আগে পাবনা থেকে সে ঢাকায় আসে। হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উজ্জল জানায়, সকালে মুগদার ক্লিনিকে সে সালমার সঙ্গে দেখা করে সম্পর্ক রক্ষার জন্যে জোর করে। কিন্তু সালমা তা আর সম্ভব নয় বলে জানান। " আমি পকেটে করে একটি ছুরি নিয়ে গিয়েছিলাম। যদি সে রাজি না হয়, তাহলে আত্মহত্যা করব। সালমা আমাকে চলে যেতে বলায় আমি ওই ছুরিটি দিয়েই তাকে ৩/৪টি আঘাত করি", উজ্জলের স্বীকারোক্তি। তবে সালমার মামা মোঃ হারুন সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময় উজ্জ্বল নামের একটি ছেলে সালমাকে ফোনে বিরক্ত করত। সালমা তার প্রস্তাবে রাজি হয়নি বলেই তাকে হত্যা করা হয়েছে। মতিঝিল অঞ্চলের উপ-পুলিশ কমিশনার খন্দকার মুহিদ উদ্দিন থানায় সাংবাদিকদের বলেন, "এক ধরণের মোবাইল ফ্যান্টাসির কারণেই হয়তো তাদের মাঝে এক ধরণের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু পরে ফ্যান্টাসি কেটে গেলে সালমা সরে যায়। কিন্তু উজ্জ্বলের দিক থেকে তার একতরফা প্রেম রয়েই যায়। এই প্রেমের জের ধরেই মেয়েটিকে প্রাণ দিতে হলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩১৫ঘ.