আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ব্যাংকিং খাতকে সুসংহত ও আন্তর্জাতিকমানের করতে পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। দেশে এ ধরণের উদ্যোগ হবে এটাই প্রথম।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভর্নর তার এ পরিকল্পনার কথা জানান। (বিস্তারিত)
আতিউর রহমান বলেন, "২০১০ থেকে ২০১৫ সাল মেয়াদের এ পরিকল্পনার প্রধান লক্ষ্য হবে কিভাবে আমাদের ব্যাংকিং খাতের আরও উন্নয়ন করা যায়।"
আগামীতে দেশের মুদ্রানীতি, অটোমেশন পরিকল্পনার ধরণ, ব্যাংকিং খাতের মানব সম্পদের দক্ষতা বাড়ানোর উপায়, ব্যাংক ঋণের সুদের হার আরও কমিয়ে আনার কৌশল ও দেশের অর্থনীতিতে ব্যাংকিং খাতের অবদান আরও বাড়ানোর এ বিষয়গুলো বিবেচনায় রেখেই এ পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গভর্নর।
গভর্নর বলেন, "বাংলাদেশে প্রথমবারের মতো ব্যাংকিং খাতের জন্য পাঁচ বছর মেয়াদি এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশী ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে এ কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হবে।"
ইতিমধ্যে এ পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়ে গেছে বলে জানান তিনি।
আতিউর রহমান বলেন, "২০১০ সালের জানুয়ারি মাসে এ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এক্ষেত্রে দু ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে- একটি গোটা ব্যাংকিং খাতের জন্য; আর আরেকটি শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের জন্য।"
গভর্নর জানান, গ্রাহকদের কিভাবে আরও উন্নতমানের সেবা দেওয়া যায় সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন নতুন সেবা কর্মসূচি গ্রহণ করতে ব্যাংকগুলোকে উৎসাহিত করা হবে।
"মোট কথা এ পরিকল্পনায় একটি আধুনিক ব্যাংকিং খাত গড়ার স্বপ্ন থাকবে। আশা করছি আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবো, বলেন আতিউর রহমান।
গভর্নর জানান, মঙ্গলবার ব্যাংকগুলোর জন্য 'অটোমেটিক ক্লিয়ারিং হাউজ' নিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। ঐ বৈঠকে ব্যাংকিং খাতের জন্য কৌশলগত এ পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলাপ হয়েছে।
বিশ্বের অন্য অনেক দেশে হলেও বাংলাদেশের ব্যাংকিং খাতে মন্দার নেতিবাচক প্রভাব না পড়ার কথা উল্লেখ করে আতিউর বলেন, "এতেই প্রমাণিত হয় আমাদের ব্যাংকিং খাত বেশ শক্তিশালী।"
গভর্নর জানান, এ খাতকে আরও শক্তিশালী করাই নতুন পরিকল্পনাটির লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২১৭ঘ.
bdnews24