ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বেসরকারি একটি হাসপাতালে খুন হয়েছেন এক চিকিৎসক। মঙ্গলবার দুপুরে সবুজবাগের দক্ষিণ মুগদা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত চিকিৎসক সালমা বেগম (২৭) 'রওশন আরা হাসপিটালে' কর্মরত ছিলেন। ওই হাসপাতাল থেকে মোস্তাফিজুর রহমান উজ্জ্বল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সালমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ মুগদা বড় মসজিদের পাশে রওশন আরা হসপিটালের ভেতরে ঢুকে উজ্জ্বল ছুরিকাঘাত করে চিকিৎসক সালমা বেগমকে হত্যা করে। পুলিশ উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে। জানালা দিয়ে ফেলে দেওয়া রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত উজ্জ্বল পাবনা এডওয়ার্ড কলেজের গণিত বিভাগের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতালের টেকনিশিয়ান সুমন চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে উজ্জ্বল নামে ওই যুবক হাসপাতালে আসে। তখন সালমা ম্যাডাম রোগী দেখছিলেন। সে বেশ কিছুক্ষণ হাসপাতালে ঘোরাঘুরি করে এবং ম্যাডামের (সালমা বেগমের) পরিচিত বলে অন্যান্য স্টাফদের জানায়।
"১২ টার দিকে সে সালমা ম্যাডামের দোতালার কক্ষে ঢোকে। সাড়ে ১২টার দিকে সালমা ম্যাডাম চিৎকার করে দরজা খুলে বাইরে এসে মেঝেতে উপুড় হয়ে পড়েন। তার শরীর থেকে রক্ত ঝরছিল।"
হাসপাতালের আরেক কর্মী শাহজাহান কবীর বলেন, "প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ম্যাডামকে আমরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
সুমন জানান, সালমার কক্ষ থেকে উজ্জ্বলকে আটক করে তারা পুলিশে তুলে দেন।
তিনি জানান, সালমা এমবিবিএস পাসের পর ইন্টার্নি শেষ করে ৪/৫ মাস আগে ওই হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন।
সালমার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৪৪৯ ঘ.
bdnews24