২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যোগ্যতার শর্ত শিথিল প্রস্তাব অনুমোদন

নিবন্ধিত বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যোগ্যতার শর্ত শিথিল করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাব তোলা হয়। এছাড়া মন্ত্রিসভা মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং স্থানীয় সরকার (উপজেলা) আইন-২০০৯ চূড়ান্ত অনুমোদন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব নভো থিয়েটার আইন-২০০৯ ও শ্রম আইন (সংশোধন)-২০০৯ প্রস্তাব নীতিগত অনুমোদন করেছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নিবন্ধিত বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যোগ্যতার শর্ত শিথিল করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাব তোলা হয়। এছাড়া মন্ত্রিসভা মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং স্থানীয় সরকার (উপজেলা) আইন-২০০৯ চূড়ান্ত অনুমোদন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব নভো থিয়েটার আইন-২০০৯ ও শ্রম আইন (সংশোধন)-২০০৯ প্রস্তাব নীতিগত অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ৩১ তম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ জানান, নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৫ শ' ২২ জন শিক্ষক-শিক্ষিকা নিদিষ্ট শিক্ষাগত ডিগ্রি ও প্রশিক্ষণের যোগ্যতা না থাকায় অযোগ্য বিবেচিত হয়েছিলেন। তিনি বলেন, মন্ত্রিসভা যোগ্যতার শর্ত শিথিল করায় যারা ১৭-২৫ বছর চাকুরি করেছেন কিংবা উচ্চতর আদালতে রিট মামলায় সার্টিফিকেট ইন এডুকেশন পরীক্ষা দিতে পারেননি, তাদের ক্ষেত্রে আর সার্টিফিকেট ইন এডুকেশন সনদের প্রয়োজন হবে না। মোবাইল কোর্ট বিষয়ক আইন সম্পর্কে প্রেস সচিব জানান, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের পরিপ্রেক্ষিতে জন স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও তাৎক্ষণিক অপরাধ দমনের জন্য মোবাইল কোর্ট আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ আইনে মোবাইল আদালত আর্থিক জরিমানাসহ দুই বছর কারাদণ্ড দেওয়ার ক্ষমতা পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব নভো থিয়েটার আইন-২০০৯ সম্পর্কে তিনি জানান, এতদিন প্রতিষ্ঠানটি থোক বরাদ্দে পরিচালিত হতো। এই আইন হওয়ার ফলে প্রতিষ্ঠানটি একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। একটি আলাদা উপদেষ্টা কমিটিও থাকবে। প্রসঙ্গত প্রেস সচিব জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব নভো থিয়েটারের বার্ষিক আয় ১ কোটি ১ লাখ ৫৭ হাজার টাকা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজান মাসে যানজট ও দ্রব্যমূল্যজনিত দুর্ভোগ নিরসনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা কিছু প্রয়োজন তা সরকার করেছে। টিসিবির মাধ্যমে পণ্য আমদানি করে তা বিক্রির ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর ইতিমধ্যে দেওয়া নির্দেশের কথাও উল্লেখ করেন সচিব। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আজাদ নেতিবাচক জবাব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এসকে/২২৩০ঘ.