২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী ব্যাংকে চুরি

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকার অগ্রণী ব্যাংক সদরঘাট শাখায় রোববার রাতে চুরি ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকার অগ্রণী ব্যাংক সদরঘাট শাখায় রোববার রাতে চুরি ঘটনা ঘটেছে। চোরেরা ভল্ট ভেঙ্গে তিন লাখ ৬৮ হাজার ৮৩৪ টাকা নিয়ে গেছে বলে শাখা ব্যবস্থাপক আবুল বাশার জানিয়েছেন। চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মাহতাব উদ্দীন নামে ব্যাংকের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে। এ শাখার ব্যবস্থাপক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সান্ধ্যকালীন ব্যাংকিং শেষে রাত ৯টায় তারা চলে যান। সোমবার সকাল পৌনে ৯টায় ব্যাংকের কলাপসিবল গেটের তালা খুলতে না পেরে তারা থানায় খবর দেন। পুলিশ তালা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখে ভল্ট খোলা। সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মূল কলাপসিবল গেটের তালা এবং দু'টি জানালা ভেঙ্গে চোরেরা ব্যাংকে ঢুকেছে। টাকা ছাড়া ব্যাংকের অন্য কিছু খোয়া যায়নি বলেও পুলিশ সুপারিনটেনডেন্ট জানান। পুলিশ কর্মকর্তা বলেন, ''সংঘবদ্ধ একটি চোর দল এ ঘটনা ঘটিয়েছে। ব্যাংকে কোনো নৈশ প্রহরী নেই। তাই ব্যাংক কর্তৃপক্ষ এ দায় এড়াতে পারে না।'' পুলিশ শহরের কয়েকটি বাসস্ট্যান্ড ও আবাসিক হোটেলে অভিযান শুরু করেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১৩ ঘ.