কক্সবাজার, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে ঢুকার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সীমান্তে রোববার সকালে বিডিআর একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয় মিয়ানমার নাগরিককে আটক করেছে।
এরা হলেন- নৌকার মাঝি দৌলত হোসেন (৫৫), আলী আকবর (৩৮), মোহাম্মদ হামিদ (২৮), মিয়া মোহাম্মদ (২২), মোহাম্মদ সলিম (২৭) ও মোহাম্মদ ইয়াছিন (২৫)। তারা মিয়ানমারের আকিয়াব জেলার জালিয়াপাড়ার বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল খালেক জানান, সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া ঝাউবাগান এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকার সময় এদের আটক করা হয়।
তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন চৌধুরী জানান, বিডিআরের কাছ থেকে তারা মিয়ানমার ছয় নাগরিককে পেয়েছেন। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24