২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইনখালী এলাকায় রোববার ভোরে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা ও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কক্সবাজার, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলার থাইনখালী এলাকায় রোববার ভোরে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা ও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহত ডাকাত সর্দারসহ দুজনকে গ্রেপ্তার এবং চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (উখিয়া সার্কেল) মিজানুর রহমান মনশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের থাইনখালী এলাকায় পণ্যবাহী গাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে উখিয়া পুলিশের একটি দল সেখানে যায়। তারা ডাকাত দলকে ঘেরাও করে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি করে। দুপক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। তবে কত রাউন্ড গোলাগুলি হয়েছে সেটা তিনি জানাতে পারেননি। এএসপি জানান, গোলাগুলিতে মুজিবুর রহমান (৩৭) ডান হাঁটুতে গুলিবিদ্ধ হন। পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মুজিব উখিয়ার পালংখালী ইউনিয়নের ফাঁড়ির বিল এলাকার আবুল মনজুরের ছেলে। ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক একরামুল হক বাম বাহুতে গুলিবিদ্ধ হন। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ঘটনাস্থল থেকে আরেক ডাকাত থাইনখালী এলাকার নুর হোসেনের ছেলে বাদশা মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অন্তত সাত ডাকাত পালিয়ে গেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দু'টি মামলা হয়েছে বলেও জানান ওসি প্রদীপ। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৫ ঘ.