বাগেরহাট, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিতরণ করা বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়া শিশুরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
শিক্ষার্থীদের মধ্যে ৫১ জন শনিবার রাত ১০টার দিকে এবং বাকি পাঁচজন রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
শনিবার দুপুরে ডব্লিউএফপি'র 'ইমার্জেন্সি স্কুল ফিডিং' প্রকল্পের আওতায় বিতরণ করা বিস্কুট খেয়ে স্কুলটির ৫৬ শিক্ষার্থী পেট ব্যাথা ও বমির সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিমল কৃষ্ণ বাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে বিস্কুটের নমুনা সংগ্রহ কর হয়েছে। কেমিক্যাল ও ব্যাকটেরিওলজিক্যাল এ দুটি পরীক্ষার জন্য বিকেলে এ নমুনা ঢাকায় ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) পরীক্ষাগারে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24