ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কদমতলী থানার শনির আখড়ায় শনিবারের আগুনে দগ্ধ পরিবারটির প্রধান দাদন মিয়া (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হল। এর আগে শনিবার দাদন মিয়ার মেয়ে লিজা (১০) ও ভাতিজা রুবেল (২৬) মারা যায়।
দগ্ধ অপর চারজন দাদন মিয়ার স্ত্রী শাহিনা বেগম (৩৮), মেয়ে লিনা আকতার (১৮) এবং ছেলে সোহাগ (২২) ও সাগর (৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শনিবার ভোররাতে দাদন মিয়ার বাড়িতে আগুন লাগে। তবে দাদনের স্ত্রী শাহিনা বেগম অভিযোগ করেছেন, তার মেয়েজামাই সাগর পরিকল্পিতভাবে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার জানান, দাদন মিয়ার পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় ভোররাতে তার বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাদের টিনের ঘরটি পুড়ে যায়। এতে পরিবারের সব সদস্য দগ্ধ হন।
তিনি জানান, পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ভোররাত ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে দুপুর পৌনে ১টায় রুবেল এবং বিকেল ৫টার দিকে লিজার মৃত্যু হয় বলে ওসি জানান।
শাহিনা আক্তার শনিবার হাসপাতালে সাংবাদিকদের বলেন, "দাম্পত্য কলহ দেখা দেওয়ায় আমরা আমাদের মেয়ে লিনাকে তার স্বামী সাগরের বাড়ি থেকে আমাদের বাড়ি নিয়ে আসি। এতে ক্ষুব্ধ হয়ে সাগর আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়।"
ওসি নূর হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তিনি বলেন, "দাদন মিয়ার স্ত্রী এসিড দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করেছেন। এর ভিত্তিতে আমরা তদন্ত করছি। তবে এ পর্যন্ত তদন্তে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বা এসিডের কোনও আলামত পাওয়া যায়নি।"
তিনি জানান, আগুনে বৈদ্যুতিক মিটারটি পুরোপুরি পুড়ে গেছে। অন্য জিনিসপত্রের তেমন ক্ষতি হয়নি। এর পরও প্রযোজনীয় আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
দাদন মিয়ার মেয়েজামাই সাগর আগুন লাগিয়ে দিয়েছে
bdnews24