২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রভাষক খুন, দুজন আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রামে শনিবার রাতে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে এক প্রভাষক নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহত আরিফুর রহমান (৩৫) নাটোরের বেগম খালেদা জিয়া কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

নাটোর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রামে শনিবার রাতে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে এক প্রভাষক নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহত আরিফুর রহমান (৩৫) নাটোরের বেগম খালেদা জিয়া কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক। আহতরা হলেন- আরিফুর রহমানের সঙ্গে থাকা দুই বন্ধু মিঠু (৩৪) ও বিদ্যুৎ (৩৫)। তাদের স্থানীয় পাটোয়ারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মিঠু ও বিদ্যুৎকে আটক করেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১০টার দিকে মিঠু ও বিদ্যুৎকে নিয়ে আরিফুর রহমান মোটরসাইকেলে করে দয়ারামপুর থেকে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় নিজ বাড়িতে ফিরছিলেন। লালপুর-বনপাড়া সড়কের রামাগাড়ি গ্রামের কাছে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের পথরোধ করে।" সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে আরিফুর ঘটনাস্থলেই মারা যান। মোটর সাইকেলটি ঘটনাস্থলেই পাওয়া যায় বলে ওসি জানান। নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। ওসি আনোয়ার হোসেন বলেন, নিহতের চাচা লুৎফর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আহত মিঠু ও বিদ্যুতকে আসামি করা হয়েছে। টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে পেশাদার ছিনতাইকারী দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বনপাড়া বণিক সমিতি রোববার দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। ব্যবসায়ীরা খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/ডিডি/এমএসবি/১৯২১ ঘ.