আতিয়ার বাড্ডা, লিয়াকত আলী বাদল ও মোর্শেদুর রহমান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
রংপুর/দিনাজপুর/নীলফামারী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিন আগেও ছিল বন্যা। অথচ এখন খরা পরিস্থিতিতে চৌচির উত্তরাঞ্চলের ফসলের মাঠ। বৃষ্টি হয়েছে পক্ষকাল আগে। ক্ষেত শুষ্ক, তাই জমিতে সেচ দিতে কৃষকদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ভরা বর্ষায় এর আগে কৃষকদের সেচ দিতে না হলেও এবার ফসল রক্ষায় তাই করতে হচ্ছে।
শুক্রবার নীলফামারীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পানি নেমে যাওয়ায় উঁচু জমি শুকিয়ে গেছে। কোথাও কোথাও মাটি ফেটে গেছে। পানির অভাবে কৃষক জমিতে চাষ করতে পারছে না। রোপা আমন নিয়ে বেকায়দায় পড়েছেন কৃষকরা। অবস্থাসম্পন্ন কৃষকরা জমিতে অগভীর নলকূপ (শ্যালো মেশিন) বসিয়ে সেচ দিতে পারলেও অধিকাংশ দরিদ্র কৃষক তাকিয়ে আছে বৃষ্টির পানে। এদিকে চারা রোপণের সময় পেরিয়ে যাচ্ছে।
চলতি মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত টানা তিন দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে নীলফামারীর নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। তাতে ফসলের ক্ষতি হয়। কিন্তু তারপর থেকে বৃষ্টিহীন অবস্থা পাল্টে দিয়েছে চিত্র।
নীলফামারীর আবাদী জমির মধ্যে ৪৬ শতাংশই উঁচু ভূমি। চলতি মৌসুমে ৬টি উপজেলায় ১ লাখ ১২ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পানির অভাবে তা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সদর উপজেলার রামনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সেরাজুল ইসলাম, সেকেন্দার আলী, সাজু সরকারসহ বেশ কয়েকজন কৃষক বলেন, আমনের চারা রোপণ করেছি। কিন্তু বৃষ্টি না থাকায় এখন চারাগাছ শুকিয়ে মরে যাচ্ছে।
একই অবস্থা দিনাজপুরসহ উত্তরের অন্য জেলাগুলোতেও।
দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর গ্রামের কৃষক সুভাষ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আষাঢ়ের শেষ দিকে প্রতিবছরই আমন রোপণ শেষ করে ফেলতাম। কিন্তু এবার পানি না থাকায় এখনও জমিই তৈরি হয়নি। অথচ শ্রাবণ শুরু হয়ে গেছে।"
পরিস্থিতি মোকাবেলায় নীলফামারী জেলার কৃষি বিভাগ জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে কৃষকদের সেচ দেওয়ার অনুরোধ জানিয়েছে। সামর্থ্যবান কৃষকরা তা করছে।
নীলফামারী জেলা কৃষি স
bdnews24