খুলনা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার হত্যাকাণ্ডের জন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করেছে জেলা আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, শহীদ ইকবাল হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে।
শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
১১ জুলাই রাতে বিথারকে গুলি করে হত্যা করা হয়। খুলনা নগরীর ২২ খাল দখলমুক্ত করার অভিযানে বিথারের নেতৃত্ব দেওয়াই এ হত্যাকাণ্ডের কারণ বলে পুলিশের ধারণা।
সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যার প্রতিবাদ, হত্যাকারী, তাদের গডফাদার ও অর্থ যোগানদাতাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
লিখিত বক্তব্যে বলা হয়, বিগত দিনে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম, বিজন বিহারী মণ্ডল, কমরেড রতন সেন, এস এম এ রব, অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক, সরদার হারুনুর রশীদ, কামরুল ইসলাম কুটু, মঞ্জুর মোর্শেদ খান লাবু, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, হারুন অর রশীদ খোকন, শেখ বেলাল উদ্দিন, রিক্সাচালক শহীদুল ইসলাম আকন্দসহ নগরীতে অনেক হত্যাকাণ্ড হয়েছে।
এসব হত্যাকাণ্ডের একটিরও সঠিক বিচার না হওয়ায় প্রকৃত খুনী ও গডফাদাররা পার পেয়ে গেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৬ ঘ.
bdnews24