২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের পাদুয়া সীমান্তে জমি দখলের চেষ্টা বিএসএফ'র

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে বাংলাদেশিদের প্রায় দুশ' একর জমি দখলের চেষ্টা করছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

সিলেট, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে বাংলাদেশিদের প্রায় দুশ' একর জমি দখলের চেষ্টা করছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ। গত এক সপ্তাহ ধরে তারা এ চেষ্টা চালালেও বিডিআর'র প্রতিরোধের মুখে সফল হয়নি। এখনও বিএসএফ জমি দখলের চেষ্টা করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর'র একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএসএফ পানথুমাই ও প্রতাপপুর গ্রামের কৃষকদের প্রায় দুশ'একর জমি ভারতের দাবি করে অপদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।" তিনি জানান, গ্রামবাসীর সহযোগিতায় বিএসএফ'র এ অপতৎপরতা রুখে দিয়েছে বিডিআর। বিডিআর'র কর্মকর্তারা জানান, পাদুয়া সীমান্তের ৭০ নম্বর পিলারের পাশের প্রায় ২শ' একর জমি গত এক সপ্তাহ ধরে দখলের চেষ্টা করছে বিএসএফ। গত ১৫ দিনে বিএসএফ অন্তত ২০ বার এ জমিতে প্রবেশ করেছে। পানথুমাই ও প্রতাপপুর গ্রামের মানুষ তাদের এ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, ২/৩ দিন আগে বিএসএফ জমিতে প্রবেশ করে বাগান ও গাছ কেটে নিয়েছে। এ নিয়ে সীমান্তে চাপা উত্তেজনাও বিরাজ করছে বলে তিনি জানান। এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআর কর্মকর্তারা এ বিষয়ে আমাকে কিছুই জানাননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.