চট্টগ্রাম, জুলাই ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সরকার গণমাধ্যমের স্বাধীনভাবে মত প্রকাশের পক্ষে অবস্থান নেবে বলে আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে একটি প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেন, 'সরকার সব সময় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে গ্রহণ করবে।"
পাশাপাশি সাংবাদিকদেরও তিনি জবাবদিহিতা, গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতার সঙ্গে তথ্য তুলে ধরে জাতিগঠনে জনসাধারণকে সচেতন করতে এগিয়ে আসার আহবান জানান।
গণমাধ্যমকে শিল্প হিসাবে বিকাশে এ সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
জাতীয় দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক জসীম চৌধুরী সবুজের 'গন্তব্য অজানা' এবং 'চট্টগ্রাম: সমকালীন প্রসঙ্গ' নামে দুটি প্রবন্ধ গ্রন্থের জন্য এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন বিতরণ নীতিমালায় বিদ্যমান বৈষম্য দূর করা, সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার ,মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন প্রতিশ্র"তি দেন মন্ত্রী।
আবুল কালাম আজাদ বিভিন্ন ক্ষেত্রে বন্দর নগরীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মন্তব্য করে বলেন, বর্তমান সরকার এ নগরীর উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেবে।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী , সাংবাদিক হাসান শাহরিয়ার ও ফরিদ হোসেন এবং অধ্যাপক মাহবুবুল হকও বক্তব্য দেন।
পরে মন্ত্রী প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রাম থেকে প্রকাশিত সংবাদপত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২১১৪ঘ.
bdnews24