বাগেরহাট, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিতরণ করা বিস্কুট খেয়ে ৫৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
এদের সবাইকে রামপাল উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুর ১টার পর পেট ব্যাথা ও বমির সমস্যা নিয়ে এসব শিক্ষার্থী কয়েক দফায় হাসপাতালে আসে বলে জানিয়েছেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিমল কৃষ্ণ বাইন।
তিনি জানান, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা বিপদ মুক্ত।
বাগেরহাটের জেলা প্রশাসক মু. মুয়াজ্জেম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।"
ডব্লিউএফপি'র বিতরণ করা বিস্কুট খেয়ে ১ জুন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও মহালছড়ি এবং বান্দরবানের লামা উপজেলায় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচশ'র বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ৯ জুন বরগুনার সদর উপজেলার পোটকাখালী প্রাথমিক বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়।
ওই সময় জাতিসংঘের এ সংস্থাটি দাবি করে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ইমার্জেন্সি স্কুল ফিড়িং প্রকল্পের আওতায় বাংলাদেশে উৎপাদিত উচ্চপুষ্টিমানের বিস্কুট খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ।
রামপালে শনিবার অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হল- লাকি (৯), রাবেয়া খাতুন (১১), শাকিলা খাতুন (১০), সোয়াইব হোসেন বাবু (১০), শামীম শেখ (১১), আব্দুল আলিম (১১), খাদিজা খাতুন (১১), ইমরান হোসেন (১০), লিপা খাতুন (৯), ফাতেমা খাতুন (৯), রেশমা খাতুন (৮), সুরাইয়া খাতুন (১১), সেতু খাতুন (১১), খুকুমনি (১০), শারমিন খাতুন (১০), তানিয়া (১০), আছিয়া (১০), সোমা (১০), শারমিন (৯), মুন্নী (১১), রহিমা (১১), নাহিদ (৯), রুনু (১০), মিতা দাস (৯), রিয়ামনি (১১), গোলাম মোস্তাহিদ (১২), জান্নাতুল মাওয়া (১২), জুয়েল (১০), আঁখি (১০) পূর্ণি (১০), সুজন (১০), ঊষা (১০), তিথি (১০), জাকিয়া (১০), পলাশ (১০), শুকুর (১০), আব্দুল্লাহ (১০), হাফিজুর (১১), মুসলিমা (১১), টুম্পা পাল (১০), রুমা খাতুন (৮), হাসান (১০), ইমরান (৯), ফারহানা (১১), ঝুমুর (১০), আমেনা (১০), হাবিবুল্লাহ শেখ (৯), মুন্নি (৯), ইয়াসমিন (৯), লিমা (১০), রাবেয়া খাতুন (১২), শাকিলা খাতুন (১০), সোহরাব হোসেন (১১), ইমরান (১০), শামীম (১১) ও হালিম (১১)।
এরা সবাই ওই বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রীফলতলা গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র ইমরান আলী শেখের বাবা সিরাজ শেখ জানান, দুপুরে দেওয়া বিস্কুট খেয়ে বাড়ি আসার পথে ইমরান দু'বার বমি করে। বাসায় এসে বমি ও পেট ব্যাথার কথা জানালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
একই গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী খুকুমনির মা কুলসুম বেগম জানান, বিস্কুট খেয়ে বিদ্যালয়েই তার মেয়ে দু'বার বমি করে। খবর পেয়ে তিনি মেয়েকে হাসপাতালে ভর্তি করেন।
শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নাজমা রহমান জানান, তাদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ৩০৮ জন। দুপুরে টিফিনের সময় তাদের বিশ্ব খাদ্য কর্মসূচির দেওয়া বিস্কুট দেওয়া হয়। এ বিস্কুট খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে বিস্কুট দেওয়া বন্ধ করে দেওয়া হয়।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ফরিদ হোসেন জানান, বিস্কুটের রাসায়নিক পরীক্ষা ছাড়া এর গুণগত মান নিয়ে কিছু বলা সম্ভব নয়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, ১ জুলাই যশোরের রুরাল রিকন্সট্রাকশন ফাউণ্ডেশন (আরআরএফ) নামে একটি বেসরকারি সংস্থা ডব্লিউএফপি'র 'ইমার্জেন্সি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় বিস্কুটগুলো সরবরাহ করেছিল।
আরআরএফ এর ইমার্জেন্সি স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী প্রত্যুষ বসু মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকল্পের আওতায় বাগেরহাটের রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা ও মংলা উপজেলার ৫৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট সরবরাহ করা হচ্ছে। গত মাসে শ্রীফলতলা প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে মোট ৮৫ মেট্রিক টন বিস্কুট সরবরাহ করা হয়।
তিনি জানান, সেন্ট্রাল মার্কেটিং কোম্পানি নামে যশোরের একটি প্রতিষ্ঠান এসব বিস্কুট উৎপাদন করে। ২০০৯ সালের অক্টোবর মাস পর্যন্ত বিস্কুটের মেয়াদ রয়েছে।
শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সাংসদ হাবিবুন নাহার তালুকদার, বাগেরহাটের জেলা প্রশাসক মু. মুয়াজ্জেম হোসাইন, পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকির এবং রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্ল্যা আব্দুর রউফ হাসপাতালে এসে শিশুদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।
জেলা প্রশাসক মু. মুয়াজ্জেম হোসাইন রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশুদের অবস্থা এখন উন্নতির দিকে। রাতের মধ্যে তারা সবাই বাড়ি ফিরে যেতে পারবে।"
তিনি জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিমল কৃষ্ণ বাইনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফরিদ হোসেন ও ডা. দেবরাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.
bdnews24