ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানার শনির আখড়ায় শনিবার আগুনে পুড়ে দুইজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ৫ জন। হতাহতরা এক পরিবারের সদস্য।
পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোররাতে দাদন মিয়া বাড়িতে ওই আগুন লাগে। তবে দাদনের স্ত্রী শাহিনা বেগম অভিযোগ করেছেন, তার মেয়েজামাই সাগর পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়।
এতে নিহতরা হলেন- দাদন মিয়ার মেয়ে লিজা (১০) ও ভাতিজা রুবেল (২৬)।
আহতরা হলেন- দাদন মিয়া (৪৫), শাহিনা বেগম (৩৮), মেয়ে লিনা আকতার (১৮) এবং ছেলে সোহাগ (২২) ও সাগর (৬)।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাদন মিয়ার পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় ভোররাতে তার বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাদের টিনের ঘরটি পুড়ে যায়। এতে পরিবারের সব সদস্য দগ্ধ হন।
তিনি জানান, পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ভোররাত ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে দুপুর পৌনে ১টায় রুবেল এবং বিকেল ৫টার দিকে লিজার মৃত্যু হয় বলে ওসি জানান।
তাদের লাশ হাসপাতালটির মর্গে রয়েছে।
শাহিনা আক্তার হাসপাতালে সাংবাদিকদের বলেন, "দাম্পত্য কলহ দেখা দেওয়ায় আমরা আমাদের মেয়ে লিনাকে তার স্বামী সাগরের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসি। এতে ক্ষুব্ধ হয়ে সাগর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৮১৫ ঘ.
bdnews24