২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে আরও ধসের আশঙ্কা

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে আকস্মিক ধসের কারণ অনুসন্ধানরত নৌবাহিনীর ডুবুরী দলের প্রধান শনিবার জানিয়েছেন, শুক্রবার যেখানে ভেঙেছে ঘূর্ণাবর্তের কারণে তার দক্ষিণে ছোট-বড় কয়েকটি গর্ত হয়েছে। এর মধ্যে একটি বেশ বড় এবং এটির কারণে আবারও ধস সৃষ্টি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

সিরাজগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে আকস্মিক ধসের কারণ অনুসন্ধানরত নৌবাহিনীর ডুবুরী দলের প্রধান শনিবার জানিয়েছেন, শুক্রবার যেখানে ভেঙেছে ঘূর্ণাবর্তের কারণে তার দক্ষিণে ছোট-বড় কয়েকটি গর্ত হয়েছে। এর মধ্যে একটি বেশ বড় এবং এটির কারণে আবারও ধস সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নতুন ধস ঠেকাতে বালির বস্তা ও কংক্রিটের ব্লক ফেলে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে গত শুক্রবার সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে আবারও ধস সৃষ্টি হয়। এতে গয়লা শ্মশানঘাট এলাকায় আগের ভাঙনস্থলের দক্ষিণপাশের অন্তত পাঁচশ' ফুট অংশ ধসে গেছে। ১০ জুলাই সিরাজগঞ্জ শহরতলীর গয়লা শ্মশানঘাট এলাকায় বাঁধের হার্ডপয়েন্টের অন্তত ছয়শ' ফুট অংশ ধসে পড়েছিল। শুক্রবার দুপুর ২টায় নতুন করে ভাঙন দেখা দেয়। এরপর দীর্ঘ ছয় ঘণ্টা ভাঙনস্থলে বালুর বস্তা ও কংক্রিটের ব্লক ফেলার পর তা বন্ধ হয়। শুক্রবার আবারও হঠাৎ ধস সৃষ্টি হওয়ার কারণ জানতে বাংলাদেশ নৌবাহিনীর ১১ সদস্যের একটি ডুবুরী দল বাঁধের হার্ডপয়েন্টের ক্ষতিগ্রস্ত অংশের পানির নিচে শনিবার সকাল থেকে অনুসন্ধান চালাচ্ছে। ডুবুরী দলের প্রধান লেফটেন্যান্ট আরিফুল ইসলাম দুপুর দুইটার দিকে সাংবাদিকদের জানান, গতকাল (শুক্রবার) যেখানে ভেঙেছে তার দক্ষিণে ছোট-বড় কয়েকটি গর্ত হয়েছে। এর মধ্যে একটা বেশ বড়। এটির কারণে গতকালের মতো ধস আবারও হতে পারে। পাউবোর বিশেষায়িত শাখাকে অবিলম্বে এসব গর্ত পূরণের ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ছোট-বড় গর্ত হওয়ার সত্যতা স্বীকার করে অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর বলেন, "গতকালের মতো নতুন করে যাতে আর কোনও ধস না নামে সেজন্য প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে আমরা সেখানে আরও কংক্রিটের ব্লক ও বালির বস্তা ফেলছি। ওদিকে নদী ভাঙন রোধে প্রকৃতির নিয়ম জেনে পদক্ষেপ নেওয়ার পরমার্শ দিয়েছেন পানিসম্পদ সচিব মো. ওয়াহিদুজ্জামান। শনিবার পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল নিয়ে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের প্রথমেই প্রকৃতির নিয়ম জানতে হবে। তারপর পদক্ষেপ নিতে হবে। বিশ্বের যেসব নদী নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না যমুনা তার অন্যতম।" পানির নীচের জরিপ কাজের জন্য বর্তমানে দেশে যে প্রযুক্তি আছে তা যমুনার জন্য যথেষ্ট নয় বলে জানান তিনি। পানিসম্পদ সচিব আরও বলেন, "গত ১০ বছরে আমরা এ ধরনের পরিস্থিতির মুখে পড়িনি।" পাউবোর মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, "সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে দুই বার ধস নামার কারণ সত্যি সত্যিই আমরা বলতে পারছি না। "তদন্ত দল গঠিত হয়েছে এবং তাদের প্রতিবেদন পাওয়ার পর আমরা হয়তো ভাঙনের কারণ জানাতে পারব।" এ সময় পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান জিন্নাহ, রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সাজেদুল করিম এবং নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেন সচিবের সঙ্গে ছিলেন। ২০০৭ সালে বন্যার সময় বাঁধের উত্তর অংশ ধসে সিরাজগঞ্জ জেলা শহর পানিতে তলিয়ে যায়। এবার যে এলাকায় ধস নেমেছে, তা থেকে সিরাজগঞ্জ জেলা শহর দুই কিলোমিটার পূর্বে। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৩৩১ কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। শত বছরের গ্যারান্টি দিয়ে বাঁধটি নির্মাণ করে কোরিয়ার হুন্দাই কোম্পানি। শুক্রবার রাতে ভাঙন এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন স্থানীয় লোকজন ও সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদনের পর তার মন্ত্রণালয় হুন্দাই কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। সরকার প্রয়োজনে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট থেকে যমুনা সেতুর গাউড বাঁধ পর্যন্ত আরেকটি স্থায়ী নদীতীর সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। মন্ত্রী এ সময় ডুবুরী দিয়ে ঘূর্ণাবর্তের কারণে বাঁধে সৃষ্ট গর্তের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে রোববারের মধ্যে প্রতিবেদন দিতে পাউবো কর্মকর্তাদের নির্দেশ দেন। বাঁধের হার্ডপয়েন্টে ধস অনুসন্ধানে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন ড. মো. মনোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব তসলীমুল ইসলাম, অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা বিভাগের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক এমাদ উদ্দিন আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নকশা বিভাগের প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৭৩০ ঘ.