ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ অভিমুখে আগামী ৮ থেকে ১০ আগস্ট তিন দিনের লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আগামী ৮ আগস্ট সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিপাইমুখ বাঁধ অভিমুখে লং মার্চ শুরু হবে।
এর আগে ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে গণসংযোগ, সভা-সমাবেশ ও আলোচনা সভা। এ ছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে, ২৩ জুলাই সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল। ৩০ জুলাই বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে কাফন মিছিল।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, আশরাফ সিদ্দিকী, দিলারা হাফিজ, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটির আহবায়ক এ এন এম ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/২৩৫৮ ঘ.
bdnews24