কিশোরগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফিার ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া খিলপাড়া এলাকায় শুক্রবার সকালে গ্রামবাসীর সঙ্গে একদল বহিরাগতের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
এলাকাবাসী বহিরাগতদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক, একটি পিস্তল, একটি পিস্তলের গুলি, ৪ রাউন্ড কার্তুজ, ২টি গুলির খোসা উদ্ধার করেছে। আটক করেছে সাতজনকে।
আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. খালেকুজ্জামান, তার দুই ছেলে আকতারুজ্জামান রুবেল (২৫) ও আশরাফুজ্জামান (৩০), মুন্না লস্কর (২৫), আল আমিন (২২) ইমতিয়াজ উদ্দিন (৩৯) ও হোসেন আলী (৩৮)।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) কাজী রহমত উল্লাহ জানান, সকালে খিলপাড়া এলাকায় একটি ইটভাটায় কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় ব্যবসায়ী খালেকুজ্জামানের ছেলে আশরাফুজ্জামানের সঙ্গে গ্রামবাসীর কথা কাটাকাটি হয়।
এর জেরে সকাল ১০টার দিকে আশরাফের নেতৃত্বে একদল বহিরাগত সশস্ত্র লোক গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ৫ রাউন্ড গুলি বর্ষণও করে। এক পর্যায়ে গ্রামবাসীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
তিনি বলেন, "কিশোরগঞ্জ থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অস্ত্র আইন এবং দ্রুত বিচার আইনে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান কিশোরগঞ্জ থানার পৃথক দু'টি মামলা করেছেন।"
আটক সাতজনকে এ মামলায় আসামি করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফিার ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24