সিরাজগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে আবারও ধস সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে গয়লা শ্মশানঘাট এলাকায় আগের ভাঙনস্থলের দক্ষিণপাশের অন্তত পাঁচশ' ফুট অংশ ধসে গেছে। স্থানীয়দের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুর বস্তা ও কংক্রিটের ব্লক ফেলে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছে।
গত শুক্রবার সিরাজগঞ্জ শহরতলীর গয়লা শ্মশানঘাট এলাকায় বাঁধের হার্ডপয়েন্টের অন্তত ছয়শ' ফুট অংশ ধসে পড়েছিল। বালুর বস্তা ও কংক্রিটের ব্লক ফেলে তাৎক্ষণিকভাবে অবস্থা সামাল দেওয়া হয়েছিল। এ ঘটনায় সরকার একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
সিরাজগঞ্জ পাউবোর (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) নির্বাহী প্রকৌশলী নিয়ামুল হক ভূঁইয়া বলেন, আগের বার ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আজ আবার হঠাৎ করে এর লাগোয়া দক্ষিণ পাশে ভাঙন দেখা দিয়েছে।
তিনি জানান, দুপুর ২টায় এ অংশে ভাঙন দেখা দেয়। ভাঙনস্থলে বালুর বস্তা ও কংক্রিটের ব্লক ফেলা হচ্ছে।
সন্ধ্যা সোয়া সাতটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বাঁধের ভাঙন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও সেখানে বালুর বস্তা ও কংক্রিটের ব্লক ফেলা হচ্ছে।
ঘটনাস্থল থেকে পাউবো'র নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং তদন্ত কমিটির সদস্য মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বৃহস্পতিবার ভাঙন এলাকা পরিদর্শনের সময় ডুবুরী নামিয়ে বাঁধের গোড়ার অবস্থা পর্যবেক্ষণ করেছিলাম। বাঁধের ওই অংশে যমুনার ঘূর্ণাবর্তে বেশ কিছু গর্ত সৃষ্টি হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল বাঁধের দু'পাশে আরও বালুর বস্তা ও কংক্রিটের ব্লক ফেলে জায়গাটিকে সুরক্ষিত করা। কিন্তু সে সময় পাওয়া যায়নি।"
রাতে ভাঙন এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
পরিদর্শন শেষ রাত সাড়ে ৯টায় তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বার বার ভাঙনে সিরাজগঞ্জ শহরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা যাতে অসহায় বোধ না করেন সেটা বিবেচনায় রেখে ভাঙন রোধে কাজ করে যেতে হবে।
ডুবুরী দিয়ে ঘূর্ণাবর্তের কারণে বাঁধে সৃষ্ট গর্তের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে রোববারের মধ্যে প্রতিবেদন দিতে পাউবো কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- পাউবো'র অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেন, রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সাজেদুল করিম, বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফজাল হোসেন প্রমুখ।
২০০৭ সালে বন্যার সময় বাঁধের উত্তর অংশ ধসে সিরাজগঞ্জ জেলা শহর পানিতে তলিয়ে যায়। এবার যে এলাকায় ধস নেমেছে, তা থেকে সিরাজগঞ্জ জেলা শহর দুই কিলোমিটার পূর্বে।
যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৩৩১ কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।
গত শুক্রবারের বাঁধের হার্ডপয়েন্টে ধস অনুসন্ধানে সরকার ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে।
পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন ড. মো. মনোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব তসলীমুল ইসলাম, অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা বিভাগের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক এমাদ উদ্দিন আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নকশা বিভাগের প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24