২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর শহরতলীর কলাবাড়ি নামক স্থানে শুক্রবার দুপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। এরা হলেন- কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকার আবু তাহের (১৮) ও বাবু মিয়া (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

রংপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরতলীর কলাবাড়ি নামক স্থানে শুক্রবার দুপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। এরা হলেন- কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকার আবু তাহের (১৮) ও বাবু মিয়া (২০)। দুর্ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে। তারা প্রায় সোয়া ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন মাহীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সাত্তার। তিনি জানান, দুই মোটর সাইকেল আরোহী কাউনিয়া থেকে রংপুর শহরে আসছিলেন। দুপুর সোয়া ৩টার দিকে কলাবাড়ি এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। এসআই সাত্তার জানান, অ্যাম্বুলেন্সটি ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী রেখে ভুরুঙ্গামারী ফিরছিল এটি। তিনি জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়ে যায়। স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে। তারা প্রায় সাড়ে ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে জনতাকে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। অ্যাম্বুলেন্সটি এখন পুলিশ হেফাজতে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.