ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে জাকির হোসেন (৩৮) নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
জাকির চামড়ার ব্যবসা করতেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে ধানমণ্ডি ৯ নম্বর সড়কের সামনের গলি (স্টার কাবাবের গলি) থেকে গুলিবিদ্ধ অবস্থায় জাকিরকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথা, গলা, বুক ও হাতে গুলির চিহ্ন ছিল ।
জাকিরের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, ছয় মাস আগে সিঙ্গাপুর থেকে ফিরে চামড়ার ব্যবসা শুরু করেছিলেন তিনি। তিনি মোহাম্মদপুরের শেরশাহ শূরী রোডে থাকতেন।
ব্যবসায়িক বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলেও জানান সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/০০৩৫ঘ.
bdnews24