ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছিনতাইয়ের অভিযোগে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের দু' ছাত্রকে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলো ইন্সটিটিউটের ছাত্র আতিকুর রহমান ও মো. সুমন। তারা প্রতিষ্ঠানের লতিফ ছাত্রাবাসের ৩০৫ নম্বর কক্ষে থাকেন।
শিল্পাঞ্চল থানার উপ--পরিদর্শক রুহুল আমিন জানান, বৃহস্পতিবার মমিনুল হক নামে এক ব্যাক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পাঞ্চল থানা পুলিশ পলিটেকনিক ক্যাম্পাসের পাশ থেকে সুমন ও আতিককে গ্রেপ্তার করে। অভিযোগকারী আসামিদের শনাক্ত করেছে। তাদের কাছ থেকে মমিনুল হকের ছিনতাই করা টাকা, মোবাইল ফোন ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
মমিনুল হক পুলিশের কাছে অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে পলিটেকনিক ক্যাম্পাসে তার কাছ থেকে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেয় সুমন ও আতিক।
এর আগে সোমবার পলিটেকনিক ছাত্রলীগের দু' পক্ষের সংঘর্ষের পর রাতে পুলিশ প্রতিষ্ঠানের তিনটি ছাত্রবাসে অভিযোন চালিয়ে ১২ ছাত্রকে গ্রেপ্তার ও ২৩ ছাত্রকে আটক করে।
তার আগে গত ২৭ মে রাতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয় পলিটেকনিকের দু'ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/০১৩০ ঘ.
bdnews24