চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'প্রথম আলো' পত্রিকার চট্টগ্রাম কার্যালয়ের গ্রিল কেটে এক লাখ ৪৯ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর জামাল খান রোডে অবস্থিত কার্যালয়ের বিভিন্ন ক্যাবিনেট, আলমারি ও ডেস্কের তালা ভেঙে চোর ওই টাকা নিয়ে যায় বলে পত্রিকাটির চট্টগ্রাম কার্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন।
প্রথম আলো'র প্রতিবেদক প্রণব বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে অফিসের তালা খুলে সব আলমিরা, লকার এবং ড্রয়ার খোলা ও ফাইলপত্র তছনছ অবস্থায় দেখা যায়।
একপাশের একটি জানালার গ্রিল কাটা ছিল। হিসেব করে দেখা যায় চোর মোট এক লাখ ৪৯ হাজার টাকা নিয়ে গেছে।
এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।
চুরির সংবাদ পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রায় এক মাস আগে নগরের জামালখানে অবস্থিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর কার্যালয়ে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২৪৭ঘ.
bdnews24