২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি-র অনিয়ম-দুর্নীতি তদন্তে নগরভবনে আবার অফিস হচ্ছে

ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) বিগত সময়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে গঠিত সর্বদলীয় সংসদীয় উপ-কমিটির সদস্যরা এখন থেকে নগরভবনে উপস্থিত থেকে অভিযোগ গ্রহণ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) বিগত সময়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে গঠিত সর্বদলীয় সংসদীয় উপ-কমিটির সদস্যরা এখন থেকে নগরভবনে উপস্থিত থেকে অভিযোগ গ্রহণ করবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে কমিটি প্রধান মনোয়ার হোসেন চৌধুরী একথা জানান। তিনি জানান, ডিসিসি ভবনে স্থাপিত এ কার্যালয়ে বসে তারা ক্ষতিগ্রস্তদের কাছ থেকে পাওয়া বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ১ জুলাই সরকার দলীয় সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দুর্নীতি তদন্তে একজন সেনা কর্মকর্তাকে প্রধান করে নগর ভবনে অফিস স্থাপন করা হয়েছিল। মনোয়ার হোসেন আরো বলেন, "আমাদের হাতে অসংখ্য দুর্নীতির অভিযোগ আসছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে ডিসিসিতে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি।" তিন মাসের মধ্যে কমিটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলেও জানান তিনি। কমিটি প্রধান আরো বলেন, "আমরা দরপত্র সিন্ডিকেট, ঠিকাদার নিয়োগ, পশুর হাট ইজারা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখবে।" যানজটের কথা বিবেচনা করে সময় বাঁচাতে করপোরেশন ভবনেই অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ২০০২ সালে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়ে পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হন। নানা জটিলতায় মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও গত দুই বছরে ডিসিসি নির্বাচন করা যায়নি। বৈঠক শেষে স্থায়ী কমিটির চেয়ারম্যান রহমত আলী সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করতে ওই উপ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বলেন, "দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে উপ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে স্থায়ী কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২১২৫ঘ.