ঢাকা, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি, সঙ্কট মোকাবেলা ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংহতির আহ্বান জানিয়ে বুধবার মিশরে ১৫তম জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
পর্যটন নগরী শারম আল শেখে স্থানীয় সময় সকালে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
ব্যাপক নিরাপত্তার মধ্যে শারম আল শেখ-এর ম্যারিটাইম কংগ্রেস সেন্টারে দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হয়। সম্মেলন স্থলে সদস্য দেশের প্রতিনিধিদের স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক।
এ শীর্ষ সম্মেলনে ১৮৮ টি সদস্য দেশের প্রতিনিধি ছাড়াও পর্যবেক্ষক হিসেবে ১৬টি দেশ ও ৯টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় 'শান্তি ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক ঐক্য'।
গত ১১ জুলাই থেকে মিশরের এ পর্যটন নগরীতে ন্যাম সম্মেলনের উর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠক শুরু হয়।
শীর্ষ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের সভাপতি কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারককে নির্বাচিত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সম্মেলনে বিদায়ী সভাপতি রাউল কাস্ত্রো বিশ্বের সব দেশকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা নিরসনের উপায় খুঁজে বের করার আহবান জানান।
ক্যাস্ট্রো বলেন,'' ধনী দেশগুলোর অসমতা ও তাদের অর্থনৈতিক ব্যবস্থার কারণেই বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। আমাদের উন্নয়নশীল দেশগুলোকে এজন্য নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রয়োজনে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।''
কাস্ত্রোর বক্তৃতা শেষে মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক সর্বসম্মতভাবে ১৫ তম ন্যাম শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান নির্বাচিত হন।
উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্ট হোসনী মোবারক ন্যামের সদস্যদেশগুলোকে অধিকতর ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত নতুন আর্ন্তজাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান।
শীর্ষ সম্মেলনের উদ্বোধনীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনও বক্তব্য দেন। তিনি সম্মেলনের সাফল্য কামনা করে ন্যামের সদস্য দেশগুলোকে সংকট নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান।
বান কি মুন বলেন,'' যত বড় দেশই হোক, আর যতো সম্পদ থাকুক, কোনো দেশের একার পক্ষে সমস্যা সমাধান সম্ভব নয়। ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। অভিন্ন সমস্যা সমাধানে বর্তমান ন্যাম সদস্য দেশগুলোকে অতীতের চেয়ে আরো বেশি উদ্যোগী ও তৎপর হতে হবে।''
উদ্বোধনী অনুষ্ঠানে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকপাগাল অ্যারোইয়ো ও ল্যাতিন আমেরিকার দেশগুলোর পক্ষে ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট বক্তৃতা করেন।
বিশ্ব নেতৃবৃন্দ বিশ্ব অর্থনৈতিক সংকট ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রতিক্রিয়া মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াস এবং শান্তি ও নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের লক্ষ্যে আর্ন্তজাতিক সংহতি ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার চূড়ান্ত দলিল শারম আল শেখ ঘোষণা এবং আগামী তিন বছরের জন্য ন্যামের কর্মপরিকল্পনা অনুমোদনের কথা রয়েছে।
শীর্ষ সম্মেলনে ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
মঙ্গলবার সকালে বিশেষ বিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিশরের শারম আল শেখ বিমান বন্দরে এসে পৌঁছালে তাকে প্রেসিডেন্টের পক্ষে আর্ন্তজাতিক সহায়তা বিষয়ক মন্ত্রী ফায়দা আবু আগা স্বাগত জানান। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও মিশরে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে শহীদুল করীম উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রী ন্যামের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগেই মিশরে অবস্থান করছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে তার সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধিদল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তাসহ ৫০ সদস্য রয়েছেন।
বিশ্বের দুই পরাশক্তির প্রভাব বলয়ের বাইরে থাকার লক্ষ্য নিয়ে ১৯৬১ সালে তৎকালীন যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে স্বাগতিক নেতা জোসেফ ব্রজ টিটো, কিউবার ফিদেল ক্যাস্ট্রো, চীনের চৌ এন লাই, ভারতের জহুরলাল নেহেরু, মিশরের কামাল আবদুল নাসের, ড. আহমেদ সুকর্ণ ও ঘানার প্রেসিডেন্ট নক্রুমার নেতৃত্বে প্রথম শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তিন বছর পর পর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০০৬ সালে কিউবার রাজধানী হাভানায় এ সম্মেলন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসকে/২৩১৫ঘ.
bdnews24