ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।
এমাজউদ্দিনের নিঃশর্ত ক্ষমার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ এই আদেশ দেন।
বাদি ডা. এম এ সালামের আইনজীবী মনজিল মোরসেদ আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ নিঃশর্ত ক্ষমার আবেদন করায় আমরা আর বিরোধিতা করিনি। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে।"
অধ্যাপক এমাজউদ্দিনের পক্ষে আদালতে বক্তব্য দেন ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন। এসময় এমাজউদ্দিনও আদালতে উপস্থিত ছিলেন।
গত ২১ জুন হাইকোর্ট এক রায়ে জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়। এর পরদিন অধ্যাপক এমাজউদ্দিন ওই রায়ের সমালোচনা করেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মন্তব্য করায় গত ২৩ জুন তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা ডা. এম এ সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৯২৮ঘ.
bdnews24