ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা ও জামালপুর থেকে জেএমবির চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। দুদফা অভিযান চালিয়ে ৩৮টি গ্রেনেডের বহিরাবরণসহ (গ্রেনেড বডি) তাদের গ্রেপ্তার করা হয়। (বিস্তারিত)
গ্রেপ্তার হওয়া চার জঙ্গী জেএমবির বোমা বিশেষজ্ঞ বোমারু মিজানের 'কিলিং স্কোয়াডে'র সদস্য বলে দাবি করেছেন র্যাব কর্মকর্তা।
বুধবার বিকেলে র্যাব-১ আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ানটির ভারপ্রাপ্ত পরিচালক মেজর সুমন আহমেদ জানান, র্যাব ইন্টেলিজেন্স উইং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর উপকণ্ঠের কাঁচপুরে অভিযান চালিয়ে জেএমবি'র 'এহসার' সদস্য ক্বারী সাইদুর রহমান (২৮) ও তার স্বীকারোক্তি অনুযায়ী কিছু পরে মীরপুরের রূপনগর এলাকা থেকে আরেক 'এহসার' সদস্য আক্কাস আলী আকাশকে (২৫) গ্রেপ্তার করে।
আকাশের স্বীকারোক্তি অনুযায়ী ইন্টেলিজেন্স উইং ও র্যাব-৯ এর একটি যৌথ দল জামালপুর থেকে 'গায়েরে এহসার' সদস্য রোকনুজ্জামান (২৪) ও সাইদুর মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী জামালপুর সদর থানার চিতলিয়া গ্রামের আজিজুল হকের বাড়ি থেকে ৩৮টি গ্রেনেড বডি, একটি ছোরা ও কিছু জিহাদী বই উদ্ধার করে র্যাব।
মেজর সুমন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে তারা এর আগে গ্রেপ্তার হওয়া জেএমবির বিস্ফোরক বিশেষজ্ঞ মিজানের কিলিং স্কোয়াডের সদস্য। মিজানের বাড়ি জামালপুরে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দু'জনের বাড়িও জামালপুর। বাকি দু'জনের বাড়ি পাশের জেলা ময়মনসিংহের মুক্তাগাছায়।
র্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের আগে মিজান তাদের কাছে গ্রেনেড বডিগুলো দিয়ে প্রস্তুত থাকতে বলেছিলো। পরে এদের গ্রেনেডের অন্যান্য উপকরণ সরবরাহ করে নাশকতার লক্ষ্য (টার্গেট) নির্ধারণ করে দেওয়ার কথা ছিল।
'জেএমবির বড়ো হামলা চালানোর ক্ষমতা নেই'
জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এখন আত্মঘাতী বা বড়ো হামলা চালানোর মতো যথেষ্ট সংগঠিত নয় বলে দাবি করলেন র্যাব ১ কর্মকর্তা মেজর সুমন আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তবে নিষিদ্ধ ঘোষিত এ জঙ্গি সংগঠনটি নাশকতার প্রয়াস অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
মেজর সুমন আহমেদ বলেন, "জেএমবি এখন আত্মঘাতী হামলা চালানোর মতো যথেষ্ট সংগঠিত নয়। তারা নাশকতার প্রয়াস অব্যাহত রেখেছে। তবে র্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর নিবিড় নজরদারী ও কার্যক্রমের ফলে জঙ্গি সংগঠনগুলো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।"
'ইসলাম ও মুসলিম' নামে নতুন জঙ্গি সংগঠনের উদ্ভব সম্পর্কে তিনি বলেন, "উগ্র মৌলবাদী জঙ্গিদের মধ্যে অন্তর্কোন্দলের ফলে আরেকটি নতুন সংগঠনের সৃষ্টি হয়েছে। জেএমবি থেকে কিছু লোক ছিটকে বের হয়ে ইসলাম ও মুসলিম গঠন করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৪১ঘ.
bdnews24