সিরাজগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ৬০০ ফুট যমুনা গর্ভে বিলীন হওয়ার ঘটনা তদন্তে গঠিত ৬ সদস্যের অনুসন্ধান দলের কেউ দ্বিতীয় দিনেও চিঠি পাননি।
গত সোমবার এ তদন্ত কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ২ মো. হাবিবুর রহমান জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত তিনি কোনো আদেশপত্র হাতে পাননি।
কমিটি প্রধান হাবিবুর রহমান জিন্নাহ বলেন, "পত্র পাওয়ার পর নিজেদের মধ্যে সমন্বয় করে শুক্রবার সকালে সিরাজগঞ্জ যাব। তারপর সঠিক তদন্ত করে প্রতিবেদন খুব তাড়াতাড়ি মন্ত্রণালয়ে পাঠাব।"
কমিটি গঠনের দিন থেকে ১০ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাউবোর সিরাজগঞ্জ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর নেতৃত্বে তিন সদস্যের স্থানীয় তদন্ত কমিটি গত রোববার থেকে বাঁধের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ভাঙনের সঠিক কারণ উদঘাটনের লক্ষ্যে তদন্ত কাজ শুরু করেছে। ইতোমধ্যেই দলটি সিরাজগঞ্জ পাউবো'র অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভূঁইয়া এবং ব্রহ্মপুত্র ডানতীর বাঁধের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে। বুধবার বিআরই নির্বাহী প্রকৌশলীকে ভাঙন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ইতোমধ্যেই দলটি ভাঙন কবলিত বাঁধের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24