ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও ৭ জন আহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
শমসের আলী নামে আটক ওই ব্যক্তির দখলে থাকা বস্তি উচ্ছেদ করেই সরকারি জমিতে 'স্বাধীন বাংলা সুপার মার্কেট' নির্মাণ করেন সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন লিটু।
সোমবারের গোলাগুলিতে নিহত আবদুর রহিমের স্ত্রী সাবিনা ইয়াসমিন নীপা বাদি হয়ে মঙ্গলবার সকালে মীরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
মীরপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান (ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার সকালে শমসের আলী নামে একজনকে থানায় নেওয়া হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্যে খোঁজা হচ্ছে।
শমসের আলী স্থানীয় প্রভাবশালী শরাফত আলীর ছেলে। বিগত জোট সরকারের সময় তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ ছিল। আনোয়ার হোসেন লিটু ও তার সহযোগীরা শমসের আলীর দখলে থাকা বস্তি উচ্ছেদ করেই সনি সিনেমা হলের সামনে স্বাধীন বাংলা সুপার মার্কেট নির্মাণ করেন।
লিটু ও তার কয়েকজন সহযোগী ওই মার্কেটের একটি দোকানে বসে থাকার সময় তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে। এতে লিটুর 'দেহরক্ষী' আব্দুর রহিম নিহত এবং লিটুসহ সাতজন গুলিবিদ্ধ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসকে/২২৪১ঘ.
bdnews24