ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশান-বনানী ও গুলশান-বারিধারা লেককে আগের প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনা ও অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সরকার ও ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহম্মেদের বেঞ্চ গুলশান সোসাইটির নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
আদালতের রায়ে ২০১০ সালের ৩১ জানুয়ারির মধ্যে গুলশান-বনানী ও গুলশান-বারিধারা লেকের জরিপ সম্পন্ন করে এর প্রকৃত সীমানা চিহ্নিত করতে সরকার ও ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়।
সেইসঙ্গে এ সময়ের মধ্যে লেকের অবৈধ দখলদার ও স্থাপনাসমূহ চিহ্নিত করে তাদের উচ্ছেদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আদালত রায়ে সীমানা চিহ্নিত করার পর লেকের মধ্যে কোনো আইনগত ও বৈধ দখলকারী পাওয় গেলে তাদেরকে প্লট বরাদ্দ দিয়ে বা বিকল্পভাবে পুনর্বাসন বা ক্ষতিপূরন দেওয়ার কথা বলা হয়েছে।
আদালত বলেছে, রেকের অবৈধ দখলদারদের বিরুদ্ধে সরকার ও ঢাকা সিটি করপোরেশন ফৌজদারি ব্যবস্থা নিতে পারবে। এমনকি তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলাও করা যাবে।
পুলিশ ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে উচ্ছেদ অভিযানসহ আদালতের রায় বাস্তবায়নে সহায়তা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
লেকের জরিপ কাজ করবেন ঢাকার ডিসি ও ভূমি জড়িপ অধিদপ্তরের মহাপরিচালক।
লেক রক্ষায় পরিবেশ আইন মানা হচ্ছে কিনা পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়টি নিশ্চিত করবেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়।
আদালতের রায় বাস্তবায়ন হয়েছে কিনা বা রায় কতটুকু বাস্তাবায়ন হয়েছে এ তা আগামী বছরের ১৫ ফেব্র"য়ারির মধ্যে হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
২০১০ সালের ২২ ফেব্র"য়ারি এ বিষয়ে পরবর্তী নির্দেশের জন্য তারিখ ধার্য করা হয়েছে।
এই সময়ের মধ্যে আদালতের কোনো নির্দেশের প্রয়োজন হলে বাদী বা বিবাদী হাইকোর্টে আবেদন নিয়ে আসতে পারবে।
গুলশান-বনানী ও গুলশান-বারিধারা লেক রক্ষার দাবিতে করা এ রিটটির পরিপ্রেক্ষিতে গত ৪ মে হাইকোর্ট সরকার ও ঢাকা সিটি করপোরেশনের প্রতি রুলনিশি জারি করেছিল।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আজমালুল হোসেন কিউসি। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮২৬ ঘ.
bdnews24