২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সন্ত্রাসী হামলা মিরপুরে, দুজন গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুরে ৮ ঘণ্টার ব্যবধানে আবার সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছে দুই জন। পরের ঘটনাটি ঘটেছে মিরপুর ১০ নম্বর সেকশনের পাশে সেনপাড়া পর্বতায়। চাঁদা দাবিতে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 06:01 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে ৮ ঘণ্টার ব্যবধানে আবার সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছে দুই জন। পরের ঘটনাটি ঘটেছে মিরপুর ১০ নম্বর সেকশনের পাশে সেনপাড়া পর্বতায়। চাঁদা দাবিতে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সোমবার বেলা আড়াইটার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের স্বাধীন বাংলা মার্কেটের সামনে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং সাতজন আহত হয়। সেনপাড়ায় সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে রাত সাড়ে ১০টার দিকে। সেনপাড়া পর্বতার ৪০ নম্বর বাড়ির সামনে এসে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (ওসি) এ কে নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে বাড়ির দারোয়ান বিল্লাল ও মিস্ত্রি মিজান আহত হয়।" গুলিবিদ্ধ বিল্লাল ও মিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কা মুক্ত বলে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন। নূর মোহাম্মদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছে। চাঁদা দাবিতে সন্ত্রাসীরা ওই হামলা চালায় বলে তার অভিযোগ। তিনি বলেন, "৮-১০ আগে টেলিফোনে সন্ত্রাসীরা আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি গুরুত্ব দিইনি। দুদিন আগে আবার ফোন করে ২ লাখ টাকা চাঁদা চায়। এরপরই এই ঘটনা ঘটল।" বিষয়টি আগে না জানালেও হামলার পর নূর মোহাম্মদ তা পুলিশকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মিরপুর থানা থেকে বলা হয়, ঘটনাটি তারা শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২১০ ঘ.