ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি করেছে সরকার।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান নেতৃত্বাধীন এ কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ৬।
সোমবার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব তসলীমুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন ড. মো. মনোয়ার হোসেন, আইডাব্লিউএম'র নির্বাহী পরিচালক এমাদ উদ্দিন আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নকশা বিভাগের প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেন।
কমিটি বাঁধ ধসের কারণ অনুসন্ধানসহ ভাঙন রোধে করণীয় বিষয় নিয়েও সুপারিশ করবে। এছাড়া ১০০ বছর স্থায়িত্ব কালের ওই বাঁধে ধস সৃষ্টি হওয়ায় নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কীভাবে প্রতিকার চাওয়া যায়, সে পথও খুঁজে বের করবে।
১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৩৩১ কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।
গত ১০ জুলাই বাঁধের হার্ড পয়েন্টে ধস সৃষ্টি হয়। তবে বালির বস্তা এবং কনক্রিটের ব্লক ফেলে পরিস্থিতি আপাত সামাল দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৫ ঘ.
bdnews24