ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর অভিজাত এলাকা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লাকে সোমবার তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ কমিশনার একেএম শহিদুল হক তার এই বদলীর আদেশে স্বাক্ষর করেন।
আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য এই বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেলেও মূলত তার পেছনে অন্য কোনও কারণ রয়েছে বলে ধারণা করছেন সহকর্মীরা।
তবে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনিক কারণেই এ বদলির আদেশ হয়েছে।"
কামরুল আলমকে সোমবারের মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশে যোগদান করতে বলা হয়েছে।
কামরুল আলম মোল্লা দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। এর বেশি আমার কিছু জানা নেই।"
দ্রুতই তিনি নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন বলে জানান।
গত ২৯ মার্চ কামরুল আলম মোল্লা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬৫৮ ঘ.
bdnews24