সাতক্ষীরা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে রোববার এক জেলের মৃত্যু হয়েছে।
সকালে সুন্দরবনের গভীরে কোবরাখালি খালের নটাবেকি এলাকা থেকে হারুন সানাকে (২৫) বাঘে নিয়ে যায়। বিকেলে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
হারুন জেলার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আব্দুল হামিদ সানার ছেলে।
সঙ্গীদের বরাত দিয়ে হারুনের ভাই আব্দুল মজিদ সানা সাংবাদিকদের জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে শনিবার সকালে হারুনসহ চার জেলে বনে মাছ ধরতে যান। রোববার সকালে নটাবেকি এলাকায় মাছ ধরার সময় একটি বাঘ হারুনকে ধরে নিয়ে যায়। তার সঙ্গীরা এসে কদমতলা স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলামকে ঘটনাটি জানান।
শহিদুল ইসলাম বলেন, গ্রামবাসীদের সহায়তায় বন বিভাগের লোকজন বিকেলে হারুনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24